Loading...

বসন্তপুরাণ

অমিত  মুখোপাধ্যায়

ফাগুনে পলাশ দেখে মনে এলো

তোমার জন্য আজও তুলে রাখা আছে

বিগত বসন্তের কিছুটা আবীর।

দুর্বিষহ নাগপাশে তারপর অন্ধকার সব

তবু একটা একটা করে জমানো রইলো 

কালবৈশাখীর ঝড়

বর্ষায় রবীন্দ্রগান

আর শরতের  কাশ।

তোমার জন্য এলো হেমন্তের  ধান

আর শীতার্ত  অভিমান।

লিখে নিল শ্বেতপত্রে

দুজনেই হয়েছি বৃদ্ধ 

দূরে থেকে  থেকে। 

#

কে জানে, সময় বুঝি এভাবেই 

হৃদয়ের গভীরতা  মাপে।

 

ফাগুনে আগুন নিয়ে 

অলৌকিক  মন তাই আজও

হাওয়ায়  হাওয়ায়  লিখে যায় 

অদর্শনের সেই শূন্যপুরাণ।


Liked our work ?